রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চালানটি বহনকারী একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তী সময়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) কর্মকর্তারা চালানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
বিমানবন্দরের প্রক্রিয়া শেষে শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে জ্বালানি বহনকারী গাড়িবহর রওনা হয়। সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় তিনটি কাভার্ড লরিতে করে এ ইউরেনিয়াম নেওয়া হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটিসহ মোট নয়টি কার্গোতে এ পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা হবে। বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রসাটম) জানিয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যেই জ্বালানি সরবরাহের সব কাজ সম্পন্ন হবে।
