বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, মিরপুরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালি শেষে হাসপাতাল অডিটোরিয়ামে হৃদ্রোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য মো. হাবিবুর রহমান, আইবিএফ-এর নির্বাহী পরিচালক কে. এম. মনিরুল আলম আল মামুন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন।
ইসলামী ব্যাংক হাসপাতাল কার্ডিয়াক সেন্টার, মিরপুরের পরিচালক অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া, পিএইচডি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কার্ডিওলজি কনসালটেন্ট ডা. রহমাতুল্লাহ আসিফ, ডা. সৌমেন চক্রবর্তী, ডা. সাকিফ শাহরিয়ার ও ডা. মতিউর রহমান, চিফ কো-অর্ডিনেটর ও কার্ডিয়াক সার্জন ডা. মো. সাখাওয়াত হোসেন শাকিল এবং চিফ কার্ডিয়াক সার্জন ডা. এস. এম. জাকির খালেদ। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ জহির হোসেন বলেন, হৃদ্রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। হৃদ্যন্ত্র সুস্থ রাখতে স্বাস্থ্যকর ও পরিমিত খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শারীরিক ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, হৃদ্রোগের ঝুঁকি কমাতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তন জরুরি। একই সঙ্গে ইসলামী ব্যাংক হাসপাতাল কার্ডিয়াক সেন্টারের সুনাম ও সেবার মান অক্ষুণ্ন রাখতে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।