পতনের ধারা বজায় রেখেই আরও একটি সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাঁচ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৪৬ পয়েন্ট। পাশাপাশি বিদায়ী সপ্তাহে বাজারটি তার মূলধন হারিয়েছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, সপ্তাহের শুরুতেই দরপতনের আভাস মিললেও শেষ কার্যদিবসে পতন আরও স্পষ্ট হয়ে ওঠে।
ডিএসইর দেওয়া তথ্যে দেখা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজারে মোট মূলধনের পরিমাণ ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। তবে বিদায়ী সপ্তাহের শেষ দিন তা নেমে আসে ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন হ্রাসের এই হার প্রায় ০.৬৭ শতাংশ।
সূচক ও মূলধনের পাশাপাশি সার্বিক লেনদেনের চিত্রেও মন্দাভাব দেখা গেছে। সমাপ্ত সপ্তাহে ডিএসইতে পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয় ৩ হাজার ৫৩০ কোটি ৬৩ লাখ টাকা। তার আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৩৯৭ কোটি ৯৬ লাখ টাকা।
বাজারের সব কটি সূচকই ছিল নিম্নমুখী। ডিএসইর মূল সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩১ পয়েন্টে। এ ছাড়া শরিয়াহভিত্তিক কোম্পানির সূচক ‘ডিএসইএস’ ১৫ পয়েন্ট কমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং বাছাই করা ৩০টি কোম্পানির সমন্বয়ে গঠিত ‘ডিএসই-৩০’ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১০৩ পয়েন্টে থিতু হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৮৯টি প্রতিষ্ঠানের, কমেছে ২৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
