বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ আলতাফ হোসেন চৌধুরী এমপি। তিনি বলেন, তৃণমূলের কর্মীরাই দলের মূল চালিকাশক্তি। মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৪ নম্বর দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
নেতাকর্মীদের উদ্দেশে আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, দলের ভেতরে যেকোনো মূল্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। কোনো ধরনের বিভেদ বরদাশত করা হবে না। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করে জনগণের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। এ সময় তিনি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন।
দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেনের (ফারুক মাস্টার) সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহসভাপতি আমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির ও মো. রুবেল মৃধা।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য ফিরোজ আলম গোলদার, আইনজীবী তারিকুল ইসলাম এবং মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দাদ হোসেন হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।