মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
জাতীয়

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আনুষ্ঠানিক আহ্বান বাংলাদেশের

Writer
10 Aug, 2026 05:46 PM 9 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী হত্যা মামলায় জড়িত ও ভারতে পলাতক আসামিদেরও দ্রুত প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট)  দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এটি ছিল দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দ্বিপাক্ষিক আলোচনার এই তথ্যগুলো নিশ্চিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাংবাদিকদের বলেন,

‘মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ছাড়া ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদী হত্যা মামলার তদন্ত ও বিচারের স্বার্থে ভারতে অবস্থানকারী আসামিদের ফিরিয়ে আনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ও ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন,

‘ভারত সরকার প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তবে তিনি সেখানে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে। এই সফরের বিষয়ে সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।’

বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দেন। হাইকমিশনার বলেন,

ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দিয়ে থাকে। দুই প্রতিবেশী দেশের মধ্যে যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দেন তিনি। তিনি আশ্বস্ত করে আরও বলেন, দিল্লি কখনোই ঢাকাকে হেয় প্রতিপন্ন করে এমন কিছু করবে না।

গত জুন মাসে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই দীনেশ ত্রিবেদীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে গতকাল রোববার (৯ আগস্ট) তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন।

ট্যাগ: জাতীয়