এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়া উশুকা জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামীকাল রোববার বিকেল ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে এক জমকালো আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিন্নাত আক্তারের হাতে এনএসসির সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেবেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এবারের এশিয়ান গেমসে উশুর নারী বিভাগের ৫২ কেজি ওজন শ্রেণীতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে ওঠেন জিন্নাত। ফাইনালে ওঠার লড়াইয়ে হেরে গেলেও বাংলাদেশের জন্য ঐতিহাসিক ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন এই অ্যাথলেট।
জিন্নাতের এই ব্রোঞ্জ জয় দেশের ক্রীড়াঙ্গনে চার দশকের খরা কাটিয়েছে। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেনের জেতা ব্রোঞ্জের পর গত ৪০ বছরে একক কোনো ইভেন্টে বাংলাদেশের কেউ এশিয়ান গেমসে পদক পাননি।
দীর্ঘ চার দশকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জিন্নাতের এই বিশ্বমঞ্চের সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন জোয়ারের সৃষ্টি করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উশু খেলার অমিত সম্ভাবনাকেও তিনি নতুন করে উন্মোচিত করেছেন।
জিন্নাতের এই অনন্য কৃতিত্বকে সম্মান জানাতে আয়োজিত রবিবারের অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ উশু ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
