বিএনপির হাত ধরেই দেশে বারবার গণতন্ত্র ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি।
বুধবার (২ সেপ্টেম্বর) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘বিএনপির জন্ম না হলে দেশে গণতন্ত্রের জন্ম হতো না। দলটির হাত ধরেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।’
বক্তব্যকালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করেছে।’
উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, বরিশাল ব্রজ মোহন (বিএম) কলেজের সাবেক ভিপি মো. জাফর ইমাম সিকদার এবং জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম।
সভায় আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল গনি মুনির খন্দকার, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুবদলের সাবেক সভাপতি নুর হোসেন মৃধা, জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, যুবদলের সভাপতি গাজী রাশেদ শামস, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলামসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।