অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা থাকা রাফিয়াথ রশিদ মিথিলা পেশাগত জীবনে নতুন এক অধ্যায় শুরু করেছেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে দুই দশকের সফল পথচলা শেষে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। গবেষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রে শিক্ষকতাও শুরু করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন কর্মজীবনের খবর নিশ্চিত করে মিথিলা জানান, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন তিনি।
নতুন এই দায়িত্বে নিউ ইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের নেতৃত্ব দেবেন মিথিলা। প্রকল্পটির মূল লক্ষ্য—জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে তাদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উপযুক্ত পরিবেশের সঙ্গে যুক্ত করা। মূলত প্রারম্ভিক শৈশবের বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করবে এই উদ্যোগটি। আন্তর্জাতিক উন্নয়ন খাতে নিজের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গবেষণা ও স্থানীয় মানুষের চাহিদার মধ্যে মেলবন্ধন ঘটাতে চান তিনি।
গবেষণার পাশাপাশি নিউ ইয়র্কের সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে (CUNY) ‘এডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন মিথিলা। সেখানে তিনি ‘নন-প্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের অলাভজনক সংস্থার কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করানোর সুযোগ পাচ্ছেন বলে জানান তিনি।
জীবনের এই নতুন মোড়ে দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিথিলা। তিনি জানান, ব্র্যাকে কাটানো ২০ বছরের ১৫ বছরই কেটেছে আন্তর্জাতিক বিভাগে (ব্র্যাক ইন্টারন্যাশনাল)। উন্নয়ন খাতে অর্জিত এই দীর্ঘ অভিজ্ঞতা বর্তমান দায়িত্ব পালনে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস তাঁর।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠানে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে মিথিলা জানান, এই নতুন সুযোগের মাধ্যমে নিজের অর্জিত বৈশ্বিক জ্ঞান ও অভিজ্ঞতাকে আরও বড় পরিসরে কাজে লাগাতে চান তিনি।
