নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে বান্দরবানজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়েছেন পুণ্যার্থীরা।
এদিকে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
পূজা আয়োজকেরা জানান, এ বছর বান্দরবান জেলার সাতটি উপজেলায় মোট ৩৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনব্যাপী এ শারদীয় উৎসব।
