গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করেছে পুলিশ। অসামাজিক কার্যকলাপের অভিযোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ১১ জন নারী ও ২৫ জন পুরুষ রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, উপজেলার চন্দ্রা এলাকার 'মান্নান প্লাজা' নামে একটি ভবনের আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোট ৩৬ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, চন্দ্রা এলাকার ওই হোটেলে অসামাজিক কাজের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেখান থেকে ১১ জন নারী ও ২৫ জন পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
