সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী পর্যন্ত ছয় দিন মুখর থাকবে দেশের পূজামণ্ডপগুলো।
প্রচলিত নিয়মে দুর্গাপূজা মূলত মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে উদযাপিত হলেও, এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন পড়ায় উৎসবটি এক দিন বেড়ে ছয় দিন ধরে চলবে। সে অনুযায়ী আগামীকাল শনিবার ও পরশু রোববার মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী ও কুমারী পূজা, মঙ্গলবার মহানবমী এবং আগামী বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
শাস্ত্র অনুযায়ী, দেবী দুর্গা এবার মর্ত্যলোকে আসছেন ঘোটকে (ঘোড়া) চড়ে এবং বিদায় নেবেন নৌকায়। পুরাণ মতে, অসুর শক্তির বিনাশ ও দেবতাদের স্বর্গলোক উদ্ধারে মহাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছিলেন দেবী দুর্গা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর দেশজুড়ে রেকর্ড সংখ্যক মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সারা দেশে এবার মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের চেয়ে ৪৯৬টি বেশি। তবে ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না থাকায় গত বছরের তুলনায় মণ্ডপের সংখ্যা ৩টি কমে দাঁড়িয়েছে ২৫৮টিতে।
