গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ নামের একটি কারখানার শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই আন্দোলনের পর সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। এতে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড় ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
আন্দোলনরত শ্রমিক মোজাম্মেল ও তরিকুল আলী জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পেয়ে তাঁরা আবারও আন্দোলনে নামেন। গতকাল বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে টালবাহানা শুরু করে কারখানা কর্তৃপক্ষ। এরপর আজ সকালে হঠাৎ কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এর জেরে আজ সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান এবং বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। তবে শ্রমিকেরা সেই প্রস্তাব উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যান। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের সরে যাওয়ার অনুরোধ করা হলেও তা না মেনে অবরোধ অব্যাহত রাখা হয়। বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার যে অভিযোগ শ্রমিকেরা করেছেন, তা সঠিক নয়।
