শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সদর ও থানচি উপজেলার চারটি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। মণ্ডপগুলোর নিরাপত্তা জোরদারে তিনটি বেস ক্যাম্প (Base camp) স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বলিপাড়া ব্যাটালিয়ন সূত্র জানায়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার নিরাপত্তায় ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ সময় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক নেতৃত্ব ও তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক বলেন, ‘ধর্মীয় উৎসবের নিরাপত্তা নিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিজিবির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। পেশাদারত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
অধিনায়ক আরও বলেন, যেকোনো সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে নিকটস্থ বিজিবি বেস ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। একই সঙ্গে তিনি সবাইকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
