গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির ৬ তলা ভবনে এই আগুনের সূত্রপাত হয়। ভেতরে ওষুধ তৈরির রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, খবর পাওয়ার পর টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়লে পরবর্তীতে ধাপে ধাপে আরও ইউনিট যুক্ত হয়ে বর্তমানে মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আরও ৪টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় দুই ঘণ্টা ধরে ফায়ার ফাইটাররা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
