কদিন আগেই শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের ‘ফাঁকি’ দেওয়ার ঘটনায় খবরের শিরোনাম হয়েছিলেন চিত্রনায়িকা ও গায়িকা নুসরাত ফারিয়া। সে বিষয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ‘অন্য রূপ’ প্রকাশ করে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।
সম্প্রতি ফেসবুকে ও ইনস্টাগ্রামে নিজের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে তাঁকে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুট এবং ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজারের এক ব্যতিক্রমী কম্বিনেশনে দেখা গেছে। এর সঙ্গে কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল, বড় হুপ কানের দুল এবং পরিপাটি খোঁপায় বাঁধা চুলে লিফটের মধ্যে পোজ দিতে দেখা যায় তাঁকে। ছবিগুলো দেখে কোনো লিফটে তোলা হয়েছে বলে অনুমান করা যায়।
সাজের পাশাপাশি ছবির ক্যাপশনেও ভিন্নতার বার্তা দিয়েছেন ফারিয়া। তিনি লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’
ফারিয়ার এই ব্যতিক্রমী লুক ও সাহসী সাজ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ভক্ত ছবিগুলোকে ‘অসাধারণ’ ও অভিনেত্রীকে ‘সাহসী ও আবেদনময়ী’ বলে মন্তব্য করেছেন। তবে এর বিপরীতে কিছু নেতিবাচক মন্তব্য বা কটাক্ষও করতে দেখা গেছে। যদিও এসব নেতিবাচক মন্তব্যে কখনো ভ্রূক্ষেপ করেন না এই তারকা। পোস্টটি দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ফেসবুকে হাজার হাজার প্রতিক্রিয়া ও শত শত মন্তব্য জমা হয়। ইনস্টাগ্রামেও তাঁর এই ছবির পোস্টে ব্যাপক সাড়া মিলেছে।
এদিকে অভিনয়ের দিক থেকে ফারিয়ার হাতে বর্তমানে রয়েছে ‘লজ্জা’ সিনেমার কাজ। এম এইচ খোকনের পরিচালনায় এই সিনেমার শুটিং সম্প্রতি শুরু হয়েছে। এতে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
