কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির নির্বাচনকে কেন্দ্র করে দলটির দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর এবং দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর মোগলটুলীতে মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দলীয় সূত্র জানায়, মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে আসে। নতুন কমিটিতে বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান আমির হতে পারেন—এমন আলোচনা থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা বাকবিতণ্ডায় রূপ নেয় এবং পরে তার গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় জামায়াতের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। নাসির উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের মিটিং চলছে, আমরা পরে মিডিয়ায় ব্রিফিং দেব।’
মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মাহবুবুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। দলীয় কার্যালয়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং ভেতরে জামায়াতের ঊর্ধ্বতন নেতারা আছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
