বাগদান ভাঙার এক মাসেরও কম সময়ের মধ্যে আবারও একত্র হওয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়াল। বাইরের মানুষের কথায় প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেছেন আকৃতি।
গত ১২ অক্টোবর ইনস্টাগ্রামে ‘আ পারসোনাল ক্ল্যারিফিকেশন’ শিরোনামে প্রকাশিত এক বিবৃতিতে আকৃতি সম্পর্কের টানাপোড়েনের পুরো দায় নিজের কাঁধে নেন। আকৃতির সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সম্পর্ক জোড়া লাগানোর বিষয়টি নিশ্চিত করেন পৃথ্বী শ।
আকৃতি তার বিবৃতিতে জানান, ‘বাগদান ভেঙে যাওয়ার সময় কাছের কিছু মানুষের মতামত তাঁদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। ওই মানুষেরা তাঁদের সম্পর্ক সম্পর্কে তাদের চেয়েও বেশি জানেন—এমন ধারণায় তিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন। খোলামেলা আলোচনার অভাবের কথা স্বীকার করে আকৃতি লেখেন, “আমরা একসঙ্গে থাকলে একে অপরের জন্য যথেষ্ট; আমাদের অন্য কারও প্রয়োজন নেই।’
চলতি বছরের ৮ মার্চ মহাসমারোহে পৃথ্বী ও আকৃতির বাগদান হয়েছিল। মাঠের বাইরে তাঁদের এই রোমান্টিক ঘোষণা বেশ আলোচনা তৈরি করে। কিন্তু ১৭ সেপ্টেম্বর আকৃতি সামাজিক মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়ে জানান, ভবিষ্যতের লক্ষ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা আলাদা হচ্ছেন। তবে মাস ঘুরতেই ভুল বোঝাবুঝি মিটিয়ে তাঁরা ফের এক হলেন।
