ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসা। একসময় ঘরোয়া শোবিজে নিয়মিত অভিনয় ও মডেলিংয়ে দেখা গেলেও কয়েক বছর ধরে তিনি দেশের বিনোদন আঙন থেকে দূরে। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই তারকা।
সোমবার (৫ অক্টোবর) ছিল মোনালিসার জন্মদিন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করে নিজেকে শুভকামনা জানান তিনি। পাশাপাশি জীবনের চড়াই-উতরাই ও প্রাপ্তি-অপ্রাপ্তি স্মরণ করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোনালিসা লেখেন, ‘আজ জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করছি। বছরটি নানা চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দে ভরা ছিল। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। কারণ প্রতিটি অভিজ্ঞতাই আজকের মানুষ হিসেবে আমাকে গড়ে তুলেছে।’
জীবনের নানা অনিশ্চয়তার কথা স্মরণ করে এই অভিনেত্রী আরও লেখেন, ‘জীবনে উত্থান-পতন থাকলেও কৃতজ্ঞ হওয়ার মতো অনেক কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, তিনি আমাকে সুস্থতা, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক শক্তি দিয়েছেন।’
জন্মদিনে নতুন বছরের জন্য প্রার্থনা করে মোনালিসা বলেন, ‘আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন এবং প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত ও নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আগামী দিনগুলো।’
উল্লেখ্য, ২০১২ সালে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন মোনালিসা। পরের বছর স্বামীর সঙ্গে নিউইয়র্কে নতুন জীবন শুরু করেন এবং একটি বাংলা চ্যানেলে প্রোগ্রাম প্রধান হিসেবে যোগ দেন। তবে কিছুদিন পরই তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর আর নতুন করে কোনো সম্পর্কে জড়াননি তিনি। যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিতই নিজের আপডেট শেয়ার করেন এই অভিনেত্রী।
