ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ রোববার (১১ অক্টোবর)। বিশেষ এই দিনে ছেলে আব্রাম খান জয় ও ভক্ত-শুভিতানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কেটে আনন্দ উদযাপন করেন ছেলে আব্রাম খান জয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের একটি ছবি শেয়ার করে জয় ইংরেজিতে লেখে, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।’ এর সঙ্গে ভালোবাসার ইমোজিও যুক্ত করে সে। ছেলের এমন সুন্দর বার্তায় আবেগপ্রবণ হয়ে ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন অপু বিশ্বাসও।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্ম নেওয়া অপু বিশ্বাসের ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল। ২০০৫ সালে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। তবে ২০০৬ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে তার জুটি ঢাকাই চলচ্চিত্রে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দেয়।
দীর্ঘ ক্যারিয়ারে ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ও ‘নিঃশ্বাস আমার তুমি’-র মতো অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্যেও ঢালিউডে নিজের অবস্থান শক্তভাবে ধরে রেখেছেন অপু বিশ্বাস।
