দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি আসিফ ইসলাম পরিচালিত সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। তবে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়াচ্ছে এটি।
এবার অস্ট্রেলিয়ার দুটি সম্মানজনক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে সিনেমাটি। এতে ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করা আশনা হাবিব ভাবনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন আগ্রহ।
আগামী ২৯ অক্টোবর শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি। চার দিনব্যাপী এ উৎসব চলবে ১ নভেম্বর পর্যন্ত। এরপর আগামী ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ। বুধবার সিনেমাটির নির্মাতা আসিফ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মস্কো ও কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি। এ ছাড়া মেলবোর্ন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে এটি। এবার সিডনি ও পার্থের দুটি উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এর পরিচিতি আরও বিস্তৃত হলো।
‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাপালার ক্রমাবনতি ও দর্শকের পরিবর্তিত রুচিকে কেন্দ্র করে। সময়ের সঙ্গে যাত্রাপালার ধরন ও উপস্থাপনায় যে রূপান্তর এসেছে, তা বিস্তারিতভাবে ফুটে উঠেছে গল্পে। মূল যাত্রাপালার ঐতিহ্য ছাপিয়ে কীভাবে ‘প্রিন্সেস রোজী’ নামের এক নৃত্যশিল্পী দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন, তা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
সিনেমায় ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এ চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজেকে বেশ ভিন্নভাবে প্রস্তুত করতে হয়েছে এই অভিনেত্রীকে; বাড়াতে হয়েছিল প্রায় ৯ কেজি ওজন। ভিন্নধর্মী এমন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
সিনেমাটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, অভিনেত্রী ভাবনা ছাড়া বাকি সব অভিনয়শিল্পী বাস্তব জীবনের আসল যাত্রাশিল্পী। ফলে যাত্রাপালার নিজস্ব আবহ, শিল্পীদের জীবনসংগ্রাম ও বাস্তব চিত্র গল্পে সুনিপুণভাবে ফুটে উঠেছে।
আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটির এই সাফল্য নিয়ে ভাবনা বলেন, “প্রিন্সেস রোজী আমার জন্য ভীষণ বিশেষ একটি চরিত্র। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাটি প্রদর্শন করা হচ্ছে, এটা সত্যিই বড় আনন্দের বিষয়। আশা করছি, অস্ট্রেলিয়ার দর্শকরাও সিনেমার গল্প ও অভিনয়ের সঙ্গে দারুণভাবে যুক্ত হতে পারবেন।”
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে একের পর এক আন্তর্জাতিক উৎসব জয় করায় এবার সিডনি ও পার্থের প্রদর্শনী ঘিরে অপেক্ষায় রয়েছেন সিনেমাটির নির্মাতা ও কলাকুশলীরা।
