সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন

চাঁদাবাজে ভরে গেছে দেশ, ধিক্কার সাদিয়ার

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
27 Sep, 2026 12:28 PM 4 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি জড়িতদের বিচার দাবি করেছেন সালমান মুক্তাদির। এ নিয়ে শোবিজ অঙ্গনের তারকারাও উদ্বেগ প্রকাশ করেছেন, যাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

হামলার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক। মোটেও মেনে নেওয়া যায় না! এমন মানুষ এটার প্রাপ্য নন!’

ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী আরও লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা জীবনে ভালো কিছু দেখেনি। আর দেখলেও সেটা হজম করতে পারে না। লজ্জাজনক ব্যাপার, ধিক্কার জানাই।’

এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির জানান, মধ্যরাতে তার স্টুডিওতে হঠাৎ করেই হামলা ও লুটপাট চালানো হয়। দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরাসহ ভেতরের দামি যন্ত্রপাতি ও আসবাব তছনছ করে লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরের ওই কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ: বিনোদন