ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের (পিজেএফ) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে সাবেক বিমান বাহিনী প্রধানের বাসভবনে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পিজেএফ নেতৃবৃন্দ আলতাফ হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। অন্যদিকে সাবেক এই স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীও পিজেএফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।
মতবিনিময়কালে পটুয়াখালী জেলার সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলতাফ হোসেন চৌধুরী বলেন, এই অঞ্চলের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
উন্নয়ন প্রক্রিয়ায় জনমতের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি সাংবাদিকদের আরও সক্রিয় ও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচানাকালে পিজেএফ নেতৃবৃন্দ জানান, পটুয়াখালী অঞ্চলের উন্নয়ন রূপরেখা ও এর বাস্তবায়ন নিয়ে তারা একটি সেমিনারের আয়োজন করতে চান। এ বিষয়ে জনপ্রতিনিধি হিসেবে তারা সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। জবাবে আলতাফ হোসেন চৌধুরী সেমিনার আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় পিজেএফ সভাপতি বদরুল আলম নাবিল, সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ও 'বাংলাদেশের আলো' পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জওহার ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক ও 'দেশ টিভি'র স্টাফ রিপোর্টার তাইমুন ইসলাম রায়হান, দপ্তর সম্পাদক ও 'দ্য ডেইলি কান্ট্রি টুডে'র সাব-এডিটর আসাদুজ্জামান সজিব, নির্বাহী সদস্য ও 'সরেজমিন বার্তা'র রিপোর্টার রিপন হাওলাদার এবং সদস্য ও 'মুক্তখবর' পত্রিকার মাসুদ রানা ঝুমুর।
