৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর অতিরিক্ত একদিন নির্বাহী আদেশে ছুটি অনুমোদনের ফলে এবার পূজায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়েছে। এদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
এ ছাড়া বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) একদিনের ছুটি অনুমোদনের প্রস্তাব পাস হয়।
চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ইতোমধ্যে সরকারি ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকার কথা থাকলেও সেদিন ছুটি অনুমোদন করায় পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি (২৩ ও ২৪ অক্টোবর, শুক্রবার ও শনিবার) মিলিয়ে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটির সুযোগ পাচ্ছেন।
পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর মহাষ্টমী পালিত হবে।
