রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন

বিয়ে ছাড়াই মা হতে রাজি রাইমা, প্রস্তুত ডিম্বাণুও

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
26 Sep, 2026 08:49 PM 1 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

৪৬ বছর বয়সে এসেও বিয়ে করেননি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। বিয়ে না করলেও ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি। তবে তাঁর স্পষ্ট মতামত, শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ে করার কোনো প্রয়োজন নেই।

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও মা হওয়া প্রসঙ্গে এসব কথা বলেন রাইমা।

সাক্ষাৎকারে রাইমা সেন বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। একা সব সামলাতে পারব কি না ভেবে ভয় লাগে। তবে আজ ইচ্ছে না হলেও কাল যে ইচ্ছে করবে না, তেমনটা বলা যায় না।’

মা হওয়ার সম্ভাবনার কথা ভেবে বেশ কয়েক বছর আগেই যে প্রস্তুতি নিয়ে রেখেছেন, তাও প্রকাশ করেন এই অভিনেত্রী। রাইমা বলেন, ‘পরবর্তী সময়ে মা হওয়ার কথা ভেবে অনেক দিন আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজিং) করে রেখেছি।’

বিয়ে নিয়ে মা ও জ্যেষ্ঠ অভিনেত্রী মুনমুন সেনও রাইমাকে কোনো চাপ দেন না বলে জানান তিনি। বরং মেয়েকে নিজের মনের মতো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। রাইমার ভাষায়, ‘মা আমাকে বলেন, জোর করে কিছু করার দরকার নেই। পরে কখনো একাকিত্ব অনুভব করলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’

বিয়ে করার কোনো তাগিদও এখন আর অনুভব করেন না জানিয়ে ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে, এই বয়সে এসে বিয়ের কোনো প্রয়োজন বোধ করি না। কোনো সম্পর্কে নতুন করে জড়াতেও ভয় লাগে।’

একাকী জীবন কেমন উপভোগ করছেন—এমন প্রশ্নে আনন্দ প্রকাশ করে রাইমা বলেন, ‘দারুণ কাটছে। আমার তো মনে হয় চল্লিশের পরই আসল জীবন শুরু হয়!’ এ বয়সে এসে নিজেকে আগের চেয়ে অনেক বেশি স্বাধীন ও পরিণত মনে হয় বলেও জানান তিনি।

ট্যাগ: বিনোদন