শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন

শোবিজের বিষাক্ত কালচার নিয়ে বোমা ফাটালেন ভাবনা

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
25 Sep, 2026 02:19 PM 5 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি বিনোদন জগতের চাকচিক্যের অন্তরালে থাকা দ্বিমুখী আচরণ ও অনিয়ন্ত্রিত জীবনযাপন নিয়ে মুখ খুলেছেন। শৈশব থেকে শোবিজে কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি জানান, তথাকথিত অনেক বড় মাপের শিল্পীর বাস্তব জীবন আর সাক্ষাৎকার দেওয়া কথাগুলোর মধ্যে বড় ধরনের অমিল রয়েছে।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভাবনা বলেন, ‘আমি আসলে মিথ্যা বলব না। খুব ছোটবেলায় ইন্ডাস্ট্রিতে পা রেখেছি। অনেকবারই শুনতে হয়েছে—ও আচ্ছা, তুমি ড্রিংক করো না? এসব কথা আসলে বলাও অনুচিত। তবে অনেককেই দেখা যায় ইন্টারভিউতে বড় বড় নীতি কথা বলতে, কিন্তু ব্যক্তিগত জীবনে তারা একদমই সুন্দর মানুষ নন। সেটা আমরা সবাই দেখতে পাই।’

জীবনের এই পর্যায়ে এসে কোনো সত্য চেপে রাখার তাগিদ অনুভব করেন না জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এখন আমার মনে হয় আমি বড় হয়েছি। যেকোনো সময় মানুষ মারা যেতে পারে—এই ভাবনাটি এখন আমার ভেতরে কাজ করে। তাই যা বলতে ইচ্ছা করে, তা-ই বলব। যারা ইন্টারভিউতে নীতি কথা ছড়িয়ে বেড়ায়, আবার আড়ালে গিয়ে ড্রাগ বা উল্টাপাল্টা জিনিসপত্র সেবন করে এবং সেটাকে এক ধরনের অনুপ্রেরণা হিসেবে তৈরি করার চেষ্টা করে, তারা আমার কাছে শিল্পী হিসেবে কোনো মূল্য বহন করে না।’

একজন শিল্পীর সমাজের প্রতি নৈতিক ও সামাজিক দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে ভাবনা একটি উদাহরণও টানেন। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আপনি যখন শিল্পী, তখন সমাজের প্রতি আপনার কিছু দায়িত্ব থাকে। আপনি কেন এ ধরনের অমূলক জীবনযাপন করবেন? সৈয়দ জামিল আহমেদের মতো ব্যক্তিত্বকে দেখুন—তার তো কোনো নেশা করতে হয় না! তিনি প্রতিনিয়ত এত কাজ করেন যে তার কাজই তার পরিচয় হয়ে কথা বলে। তাই যারা সন্ধ্যা নামলেই আজেবাজে জিনিসপত্র খাওয়া শুরু করে, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তাদের আমি কোনোভাবেই প্রকৃত শিল্পী মনে করি না।’

ট্যাগ: বিনোদন