রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন

প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
19 Sep, 2026 08:56 PM 7 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে বরাবরই ভিন্নধর্মী ও ছকভাঙা চরিত্রের জন্য পরিচিত। তবে ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করার খেসারতও তাঁকে দিতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছেন, ওই দৃশ্যগুলোর পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা তৈরি হয়েছিল যে, চিত্রনাট্যের প্রয়োজন থাকুক বা না থাকুক - তাঁকে দিয়ে যেকোনো অন্তরঙ্গ বা খোলামেলা দৃশ্য করানো সম্ভব!

সাক্ষাৎকারে রাধিকা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো দৃশ্য গল্পের জন্য আদৌ প্রয়োজনীয় কি না, সে বিষয়ে তিনি বরাবরই প্রশ্ন তুলে এসেছেন। চিত্রনাট্যে যৌক্তিকতা না থাকলে স্রেফ দৃশ্যটিকে ‘আকর্ষণীয়’ করার লোভে ঘনিষ্ঠ বা সাহসী দৃশ্যে অভিনয় করতে তিনি একেবারেই নারাজ।

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে এই অভিনেত্রী বলেন, এমন ঘটনাও ঘটেছে যেখানে কোনো নির্দিষ্ট প্রয়োজন বা প্রেক্ষাপট ব্যাখ্যা না করেই তাঁকে সহ-অভিনেতার সঙ্গে চুম্বনের দৃশ্য করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি অল্প সময়ের ‘ইম্প্রোভাইজেশন’ বা তাৎক্ষণিক সংযোজন হিসেবেও এমন দৃশ্যের কথা বলা হয়। কিন্তু রাধিকার সোজাসাপ্টা প্রশ্ন ছিল গল্পে যেখানে কোনো প্রয়োজনই নেই, সেখানে হঠাৎ এমন দৃশ্য যুক্ত করার কারণ কী?

আরেকটি তিক্ত অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন রাধিকা। একটি ছবির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তাঁকে শার্টের বোতাম না লাগিয়ে খোলা রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। অভিনেত্রী দাবি করেন, এরপর তাঁকে আরও আপত্তিকর ও খোলামেলা পোশাক ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয়। নির্মাতাদের এমন অদ্ভুত প্রস্তাবে তিনি রীতিমতো বিস্মিত হয়েছিলেন এবং এর পেছনের যৌক্তিকতা নিয়ে কড়া আপত্তি তুলেছিলেন।

রাধিকা আপ্তের এই সাম্প্রতিক বক্তব্য চলচ্চিত্রপাড়ায় অন্তরঙ্গ বা সাহসী দৃশ্য ব্যবহারের যৌক্তিকতা এবং অভিনয়শিল্পীর সম্মতির বিষয়টি নতুন করে সামনে এনেছে। তাঁর মন্তব্যের মূল সুর একটাই—গল্প বা চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্য হতেই পারে; কিন্তু গল্পের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও স্রেফ চমক সৃষ্টির জন্য কোনো অভিনয়শিল্পীকে এ ধরনের দৃশ্যের জন্য চাপ দেওয়া পুরোপুরি অনুচিত।

রাধিকার এই সাহসী অবস্থান প্রমাণ করে, কেবল গ্ল্যামার নয়, অভিনয়ে তিনি যুক্তি ও শিল্পের প্রতিই সবচেয়ে বেশি দায়বদ্ধ।

ট্যাগ: বিনোদন