দ্বিতীয় সন্তানের মা হলেন বলউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে এসেছে নতুন অতিথি। এবারও কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। পরিবারের নতুন সদস্যের আগমনে আনন্দের বন্যা বইছে এই তারকা দম্পতির ঘরে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তার মাধ্যমে দ্বিতীয় কন্যাসন্তান জন্মের সুখবর নিশ্চিত করেন দীপিকা ও রণবীর। সদ্যোজাতের ছোট দুটো পায়ের ছাপের একটি মিষ্টি ছবি পোস্ট করে আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। ক্যাপশনে জানান, তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিং এখন বড় বোন (দিদি) হয়েছে।
দ্বিতীয়বার মা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছেন এই তারকা দম্পতি। ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে তাঁদের কমেন্ট বক্স।
এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবার কন্যাসন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। প্রথম মেয়ের নাম তাঁরা রাখেন ‘দুয়া পাড়ুকোন সিং’। প্রথম সন্তানের জন্মের পর দীর্ঘ সময় নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও পরবর্তীতে ধীরে ধীরে মেয়েকে কেন্দ্র করে মাতৃত্ব ও পিতৃত্বের নানা সুন্দর মুহূর্ত ভক্তদের সামনে আনেন তাঁরা।
প্রথম সন্তানের পর দীপিকার ব্যস্ততা এবং জীবনযাত্রায় নানা পরিবর্তন এলেও রূপালী পর্দায় অভিনয় ও মাতৃত্ব—দুটোই বেশ দক্ষতার সঙ্গে সামলাচ্ছিলেন তিনি। এবার নতুন সদস্যের আগমনে দীপিকা-রণবীরের ঘরোয়া আঙিনা আরও পরিপূর্ণ হলো।
কাজের দিক থেকে দীপিকা পাড়ুকোন বর্তমানে শাহরুখ খানের সঙ্গে বহুচর্চিত ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছাড়া অল্লু অর্জুনের বিপরীতে ‘রাকা’ নামে একটি বড় বাজেটের সিনেমাতেও দেখা যাবে তাঁকে।