দেশজুড়ে নৈরাজ্য ও দখলবাজির অভিযোগে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব ইস্যুতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদে’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে গণভোটের গণরায় অগ্রাহ্য করে সংবিধান সংশোধন কমিটি গঠনের তীব্র সমালোচনা করে এনসিপি। দলটির নেতারা বলেন, এই কমিটি গঠনের মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিরোধী দলের সঙ্গে সম্পর্কের ফাটল তৈরি করেছে। এই কমিটির কোনো রাজনৈতিক বা গণবৈধতা নেই বলেও বৈঠকে মত দেওয়া হয়।
সাংগঠনিক গতিশীলতা বাড়াতে এনসিপির রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এর অংশ হিসেবে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সারজিস আলম। এ ছাড়া প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক রাখা হবে।
একই সঙ্গে বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এসব কর্মশালার পরিচালনায় থাকবেন সারজিস আলম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত।
বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দলটির কৌশল ও সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে দেশের সব জেলায় জেলা কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। চলতি অক্টোবর মাসের মধ্যেই সব উপজেলা কমিটি গঠনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের সভাপতিত্বে বৈঠকে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন