শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি

দুদক দিয়ে বিরোধীদলকে দমনের চেষ্টা চলছে : নাহিদ ইসলাম

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
18 Sep, 2026 10:08 PM 3 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের মাধ্যমে বিরোধী দলগুলোকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন ও নাগরিকের মৌলিক অধিকার হরণের’ প্রতিবাদে এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলগুলোকে কোণঠাসা করার চেষ্টা চলছে। আপনাদের যদি সততা ও সাহস থাকে, তবে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ঘটে যাওয়া দুর্নীতি ও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দেখান।"

দেশে বর্তমান মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, "যে গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতার জন্য এ দেশের মানুষ রক্ত দিয়েছে এবং গণঅভ্যুত্থান করেছে, সেই মৌলিক অধিকার আজও নিশ্চিত হয়নি। মানবাধিকার সুরক্ষার আশ্বাস দিয়ে ক্ষমতায় এসে সরকার উল্টো মানবাধিকার খর্ব করার মতো আইন ও প্রাতিষ্ঠানিক সুবিধা তৈরি করছে।"

পাঁচ মাস ধরে নিখোঁজ মিরাজ শেখের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "সরকারের মন্ত্রীরা গুম না হওয়ার যে দাবি করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিশ্ববাসী জানে মিরাজ শেখ গুমের শিকার। অথচ তার পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি এবং জিডিতে সংশ্লিষ্ট বাহিনীর নাম লিখতে বাধা দেওয়া হয়েছে।"

বিভিন্ন মামলার বিষয় উল্লেখ করে এনসিপি প্রধান বলেন, "গাজী সালাহউদ্দিন তানভীরের বক্তব্যের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, অথচ তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী মামলা। সরকার প্রধান বা তারেক রহমানের বিরুদ্ধে মিম বা ট্রোল করা কখনই সন্ত্রাসবাদের আওতায় পড়ে না।"

তিনি আরও অভিযোগ করেন, প্রস্তাবিত গুম প্রতিরোধ আইন ও সাইবার সুরক্ষা আইনের সংশোধনীগুলোর মাধ্যমে নাগরিকের বাকস্বাধীনতা ও বিচার পাওয়ার অধিকারকে সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে জ্বালানি সংকট নিরসন এবং সুশাসন নিশ্চিত করতে বর্তমান সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তিনি দাবি করেন।

ট্যাগ: রাজনীতি