বুধবার , ০৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মির্জাগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Writer
প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
08 Sep, 2026 07:58 PM 55 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’-এই প্রতিপাদ্য সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল। সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান নয়; এটি একটি জাতির উন্নয়ন, পরিবেশ সচেতনতা ও টেকসই সমৃদ্ধির মূল ভিত্তি। নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেন তাঁরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান। এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহসানউল্লাহ পিন্টু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি।

সভাপতির বক্তব্যে ইউএনও শেখ মো. রাসেল বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে শিক্ষিত ও দক্ষ করে তোলা জরুরি। ঝরে পড়া শিশু ও বয়স্কদের সাক্ষরতার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।’

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ট্যাগ: সারাদেশ