রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে ও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে অবস্থিত পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোলবোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে স্থানটিতে বিশেষ অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানের পর থেকে পুরো মেলা প্রাঙ্গণ ঘিরে রাখা হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এসআরবি-২–এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়েমুল হাসান গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অতিরিক্ত ডিআইজি নায়েমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেলা প্রাঙ্গণে অভিযান চালিয়ে ২০টির বেশি ককটেল ও পেট্রোলবোমার সন্ধান পাওয়া যায়। উদ্ধার করা বিস্ফোরকগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তা নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে (বোমা নিষ্ক্রিয়করণ দল) ডাকা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন। নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়েছে।
উদ্ধার করা এই বিপুল পরিমাণ বিস্ফোরক সেখানে কীভাবে এল এবং এর পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ সম্পূর্ণ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।