কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীমের মৃত্যুকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
একই সঙ্গে অপ্রতীমের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার এক বিবৃতিতে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান অপ্রতীমের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। কৈশোরের দুরন্ত সময়ে যে শিশুটি বন্ধুদের সঙ্গে ছবি তোলার আনন্দের মুহূর্ত কাটাতে ঘর থেকে বের হয়েছিল, তাকে আর জীবিত ফিরতে দেওয়া হলো না—এমন পৈশাচিক ঘটনায় কোনো বিবেকবান মানুষ চুপ থাকতে পারে না।’
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, ‘অপ্রতীম ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান, তাদের স্বপ্ন ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। ১৩ বছর বয়সে সেই সন্তানকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। একজন মায়ের কোলে তার সন্তানের লাশ ফিরে আসার চেয়ে হৃদয়বিদারক দৃশ্য আর কী হতে পারে?’
দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘অপ্রতীমের এই মর্মান্তিক পরিণতি শুধু একটি পরিবারের কান্না নয়, বরং এটি পুরো সমাজের জন্য এক গভীর সতর্কবার্তা। একজন শিশু যদি ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরতে না পারে, তবে দেশের মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ গভীরভাবে উদ্বিগ্ন।’
ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি বলেন, ‘কারা এই নির্মম ঘটনায় জড়িত, কী কারণে এটি ঘটল এবং এর পেছনে কোনো অপরাধীচক্র রয়েছে কি না—নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে তা দ্রুত উদঘাটন করতে হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরাও যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে।’
সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, "অপ্রতীমের মতো আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও প্রচলিত আইনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশু-কিশোরসহ দেশের সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।"