সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যা দিলেই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না; তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বন্ধ বা খর্ব করার যেকোনো উদ্যোগ তা তাদের প্রতি চরম জুলুম হবে এবং তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে জামায়াত প্রধান বলেন, চতুর্থবারের মতো যেন সে দেশে নতুন করে কোনো অচলাবস্থা তৈরি না হয়, সে জন্য অবিলম্বে শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।
রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, বিরোধী দল শুধু ক্ষমতার পরিবর্তন নয়, বরং জনগণের প্রকৃত বিজয় চায়। জাতীয় সংসদ ও সংসদের বাইরে যেকোনো অন্যায় ও জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কঠোর প্রতিবাদ জানানো হবে।
ডিজিটাল নিরাপত্তা আইনসহ যেকোনো বিতর্কিত আইনি পদক্ষেপের কঠোর সমালোচনা করে তিনি সতর্ক করে বলেন, জনগণের মুখ বন্ধ করার উদ্দেশ্যে কোনো দমনমূলক আইন তৈরি করা হলে তা দেশের মানুষ মেনে নেবে না।