দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই তাগিদ দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিরসনে আলোচনা হয়েছে।
বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সফলভাবে অংশ নেওয়া এবং নিউইয়র্কে আয়োজিত নানা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নযাত্রায় চীনের সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে আগামী দিনে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন উপস্থিত ছিলেন।