ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার শিকার হওয়ার পর কঠিন সময়ের অভিজ্ঞতা এবং পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বাঁধন লেখেন, জীবন যখন কঠিন সময়ের মুখোমুখি করে, তখন মনে রাখতে হবে-অন্য প্রান্তে হয়তো সুন্দর কিছু অপেক্ষা করছে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ এই যাত্রায় তাকে অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া এবং কাছের মানুষদের কাছ থেকে পরিত্যক্ত হওয়ার অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
তবে এসব অভিজ্ঞতার মধ্যেই তিনি বুঝেছেন, কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই সবচেয়ে বড় সমর্থন আসে।
কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশ দূতাবাস, ইতালিয়ান পুলিশ এবং ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান বাঁধন।
তিনি বলেন, যখন তার সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন ছিল, তখন এসব প্রতিষ্ঠান তাঁর পাশে দাঁড়িয়েছে।
কাছের কিছু মানুষ দূরে সরে গেলেও এসব প্রতিষ্ঠান ও ব্যক্তিই তাঁর শক্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছিল বলে জানান তিনি। পাশাপাশি যারা তাঁর খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন কিংবা একটি ভালো কথা বলেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাঁধন।
শেষে তিনি লেখেন, ‘আমি আপনাদের সবাইকে ভালোবাসি।’
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন বাঁধন। গত সোমবার রাতে ভাই ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে আওয়ামী লীগের কয়েকজন কর্মী-সমর্থক তাঁর ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন তাঁর পাশে দাঁড়ায়।