মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে মালয়ালম সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। নিভিন পাওলি ও মামিথা বাইজু অভিনীত এই রোমান্টিক-কমেডি সিনেমাটি মুক্তির চতুর্থ সপ্তাহেও কেরালাসহ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে দাপট বজায় রেখেছে।
বক্স অফিস তালিকার হিসাব অনুযায়ী, মুক্তির ২৩তম দিনে কেরালায় সিনেমাটি আনুমানিক ৩ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে। এর মধ্য দিয়ে ২৩ দিনে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৩৪ কোটি ২৫ লাখ রুপি।
এর আগে তৃতীয় সপ্তাহ শেষে ছবিটির আয় ছিল ১২৮ কোটি ১০ লাখ রুপি। ২২তম দিনে আরও ২ কোটি ৩৫ লাখ রুপি যোগ হলে মোট সংগ্রহ দাঁড়ায় ১৩০ কোটি ৩৫ লাখ রুপি। ২৩তম দিনের আয় যুক্ত হওয়ার মাধ্যমে ছবিটি ১৩৪ কোটি রুপির নতুন মাইলফলক স্পর্শ করে।
ব্যবসা সফলতার পাশাপাশি কেরালার বক্স অফিসে সর্বকালের অন্যতম সফল মালয়ালম সিনেমা হিসেবেও জায়গা করে নিয়েছে এটি। সাম্প্রতিক সময়ে মালয়ালম ইন্ডাস্ট্রির ‘থুদারুম’, ‘লোকাহ চ্যাপ্টার ওয়ান: চন্দ্রা’ ও ‘ভাজা টু’-এর পর নতুন ‘ইন্ডাস্ট্রি হিট’ হিসেবে নাম লিখিয়েছে ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’।
শুরু থেকেই দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে প্রবল আগ্রহ ছিল। মুক্তির প্রথম দিনে ৪ কোটি ৫০ লাখ রুপি দিয়ে যাত্রা শুরু করে দ্বিতীয় ও তৃতীয় দিনে ছবিটি যথাক্রমে ৬ কোটি ২৫ লাখ ও ৭ কোটি ৫০ লাখ রুপি আয় করে। প্রথম সপ্তাহের সিংহভাগ দিনেই ৭ থেকে ৯ কোটি রুপি করে সংগ্রহ তুলে নেয় সিনেমাটি।
দ্বিতীয় সপ্তাহেও এই ধারাবাহিকতা অব্যাহত ছিল; অষ্টম থেকে দশম দিন পর্যন্ত প্রতিদিন সাড়ে ৯ কোটি রুপির বেশি আয় করে ছবিটি। তৃতীয় সপ্তাহে আয়ের গতি কিছুটা কমলেও চতুর্থ সপ্তাহের শনিবারে এসে আবারও বড় অঙ্কের সংগ্রহ দাঁড় করায়।
মুক্তির চার সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে দর্শকদের এমন উপচে পড়া ভিড়কে মালয়ালম চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।