২০২৪ সালে শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উরা ধুরা’ গানের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় পাওয়া পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার ও সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে চলেছে এই তারকার।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, আগামী ডিসেম্বরে পাহাড়ি শহর কালিম্পঙে মিমির বিয়ের আসর বসতে পারে। ইতিমধ্যে ঘনিষ্ঠ মহলে নিমন্ত্রণের তোড়জোড় এবং কেনাকাটার কাজ পুরোদমে চলছে। বিয়ের আগে আগামী নভেম্বর মাসেই তাঁদের আংটিবদল (এংগেজমেন্ট) সম্পন্ন হবে বলে খবর পাওয়া গেছে।
তবে বিয়ে বা পাত্র নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি মিমি। গুঞ্জন রয়েছে, বিনোদন জগতের বাইরে থাকা ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। হবু স্বামীর নাম সিদ্ধার্থ। পূজার আবহেই নাকি তাঁদের মন দেওয়া-নেওয়া হয়েছিল।
মিমির প্রেম ও বিয়ে নিয়ে অতীতে বহু গুঞ্জন শোনা গেলেও সব সময় বিষয়টিকে এড়িয়ে গেছেন এই অভিনেত্রী। বিভিন্ন সময়ে ব্যস্ততার অজুহাতে পাত্র খোঁজার মতো সময় নেই বলে জানালেও এবার নীরবতা বজায় রেখে বিয়ের প্রস্তুতি চালাচ্ছেন বলে টালিপাড়ায় গুঞ্জন উঠেছে।
উল্লেখ্য, ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকের মাধ্যমে শোবিজে পা রাখা মিমি ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় নাম লেখান। পরবর্তীতে ‘বোঝে না সে বোঝে না’সহ বহু সফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৯ সালে যাদবপুর আসন থেকে লোকসভার সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাসহ একাধিক নতুন ছবির কাজে ব্যস্ত রয়েছেন মিমি চক্রবর্তী।