জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। এতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে ৯১ কোটি ৫৬ লাখ (৯১৫.৬৩ মিলিয়ন) মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৮৮ কোটি ২৬ লাখ ডলার। সে হিসাবে দুই মাসে রপ্তানি আয় বেড়েছে ৩ কোটি ৩১ লাখ ডলার।
এর আগে জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে আগস্টে তা ১০ দশমিক ৫৩ শতাংশ বেড়ে জুলাইয়ের সেই ধাক্কা কাটিয়ে ওঠে।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫ কোটি ৭৮ লাখ ডলারে। এর বিপরীতে গত ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে মোট আয় হয়েছিল ৪৩৯ কোটি ডলার, যার মাসিক গড় ছিল ৩৬ কোটি ৫৭ লাখ ডলার।
হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় গত অর্থবছরের মাসিক গড়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। আর প্রথম দুই মাসেই গত অর্থবছরের পুরো বছরের মোট রপ্তানি আয়ের ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়েছে।
যুক্তরাজ্য বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান শীর্ষ বাজার। ফলে অর্থবছরের শুরুতে এই বাজারে রপ্তানি প্রবৃদ্ধির এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে তা সার্বিক পোশাক রপ্তানিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।