শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
11 Sep, 2026 02:08 PM 3 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এ সময় সরকারের বিরুদ্ধে জনগণের রায় উপেক্ষা এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ করেন জামায়াত আমির।

তিনি বলেন, জাতির সঙ্গে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি এবং জনগণের গণরায়ও উপেক্ষা করেছে।

বিল পাসের সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া মতামতের বিষয়ে শফিকুর রহমান বলেন, কয়েকটি বিষয় ছাড়া তাঁদের মতামত সরকার আমলে নেয়নি। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা হলে তা প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, পাকিস্তানের শাসকগোষ্ঠী নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ায় মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। একইভাবে জনগণের ভোটের রায় উপেক্ষা করা হলে সেটিও তারা মেনে নেবেন না।

সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে কোনো সরকার স্বেচ্ছাচারিতা করতে পারবে না। সরকার সংস্কার বাস্তবায়ন না করলেও জনগণের রায় থেকে তাঁরা সরে দাঁড়াবেন না।

সরকারের কর্মকাণ্ড সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, সরকার ভালো কাজ করলে তারা সমর্থন করবেন। খারাপ কাজ করলে বিরোধিতা করবেন এবং প্রতিরোধ গড়ে তুলবেন।

র‌্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের বিষয়েও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, র‌্যাব জাতির সঙ্গে অন্যায় করেছে। তবে পুরোনো সদস্য ও আগের কার্যক্রম বহাল রেখে শুধু নতুন কাঠামোয় এসআরবি গঠন করা হয়েছে।

সম্পদ বণ্টন আইন নিয়েও আপত্তি জানান জামায়াত আমির। তিনি বলেন, কোরআনের বিধানের বিপরীতে সম্পদ বণ্টন আইন করা হয়েছে। এমন উদ্যোগ ইংরেজ শাসকেরাও নেয়নি বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগ: রাজনীতি