আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) জামায়াতের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী হচ্ছেন আবু সাদিক কায়েম।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের প্রায় সব স্তরে প্রার্থী মনোনয়নপ্রক্রিয়া শেষ পর্যায়ে। দুই সিটিতে সাংগঠনিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে এবং সময়মতো তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ডিএনসিসির প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমিরের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
অন্যদিকে ডিএসসিসির প্রার্থী আবু সাদিক কায়েম ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি।