শনিবার , ২৯ আগস্ট ২০২৬
খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার নতুন ‘জুজু’ নামিবিয়া, টি-টোয়েন্টিতে ইতিহাসের পর ইতিহাস

Writer
নিজস্ব প্রতিবেদক
28 Aug, 2026 09:55 PM 22 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামিবিয়া কি তবে নতুন কোনো ‘জুজু’ হয়ে উঠছে? মাঠের লড়াইয়ে অন্তত পরিসংখ্যান সেই ইঙ্গিতই দিচ্ছে। গত বছর অক্টোবরে প্রোটিয়াদের প্রথমবারের মতো হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল নামিবিয়া। এবার ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়ে দিল তারা। এ নিয়ে টি-টোয়েন্টিতে দুই দলের দুই দেখায় দুবারই হাসল নামিবিয়া, জয়ের হার শতভাগ!

শুক্রবার নামিবিয়ার উইন্ডহুকে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান তোলে স্বাগতিকেরা। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৪৫ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভার শেষ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার জর্ডান হারমান ও লুয়ান দ্রে প্রিটোরিয়াস। দলীয় রান তখন মাত্র ১৯। বিপর্যয়ের মুখে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান উদীয়মান তারকা ডেভাল্ড ব্রেভিস। কিন্তু অন্য প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা। নামিবিয়ার হয়ে জেজে স্মিট ও রুবেন ট্রাম্পেলমান দুজনেই ৩টি করে উইকেট শিকার করে ধস নামান দক্ষিণ আফ্রিকার ইনিংসে।

এর আগে নামিবিয়ার ইনিংসের নায়ক ছিলেন ইয়ান ফ্রাইলিংক। তার ব্যাট থেকে আসে দায়িত্বশীল ৬০ রান। তার লড়াকু ইনিংসের ওপর ভর করেই লড়াকু পুঁজি পায় স্বাগতিকেরা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন প্রেনেলান সুব্রায়ান।

গত বছর দুই দলের প্রথম দেখায় জয়টি এসেছিল শেষ বলের রোমাঞ্চে, ৪ উইকেটের ব্যবধানে। তবে এবার নামিবিয়া জয় পেল বেশ দাপটের সঙ্গেই। নিজেদের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে এমন দাপুটে জয় নিশ্চিতভাবেই নামিবিয়ার ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করল।

ত্রিদেশীয় সিরিজের শুরুতেই এই জয় নামিবিয়াকে মানসিকভাবে অনেক এগিয়ে রাখল। অন্যদিকে, অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে টানা দ্বিতীয় হারের ক্ষত নিয়ে টুর্নামেন্টে টিকে থাকার লড়াই করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

ট্যাগ: খেলাধুলা