রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বাস-প্রাইভেটকার সংঘর্ষ, চালকসহ ৪ জন নিহত

Writer
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
19 Sep, 2026 09:22 PM 4 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর আড়াইটার পর জামালদি বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার ও বাসের সংঘর্ষের সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কুমিল্লা বা চট্টগ্রামগামী ‘নিউ বলেশ্বর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাঁরা একটি রেস্তোরাঁ থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে ফিরছিলেন।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকেই প্রাইভেটকারের চালককে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত চারজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও হাইওয়ে পুলিশ দ্রুত দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগ: সারাদেশ