দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো নোয়াখালী পৌর বণিক সমিতির বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে ছাতা প্রতীক নিয়ে সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল এবং আনারস প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শহর মাজদী হরিনারায়াণপুর উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যবসায়ীরা সম্পূর্ণ সুশৃঙ্খল পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ২ হাজার ৮৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬২৪ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে রাতে নির্বাচন কমিশনার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আব্দুল মোতালেব আপেল ৮৪২ ভোট পেয়ে শীর্ষ পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম পেয়েছেন ৭৩৩ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম মুকুল ১ হাজার ১৬৬ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম রায়হান পেয়েছেন ৪২০ ভোট।
উল্লেখ্য, সমিতির মোট ১৯টি পদের মধ্যে ১১ জন প্রার্থী পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৮টি গুরুত্বপূর্ণ পদে এই ব্যালট যুদ্ধ অনুষ্ঠিত হয়। অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি হিসেবে হারুন নূর রশিদ খান ও মোয়াজ্জেম হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান বিজয়ী হয়েছেন।
বিজয় নিশ্চিত হওয়ার পর এক যৌথ প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব আপেল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মুকুল সাধারণ ভোটার ও ব্যবসায়ী মহলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ব্যবসায়িক স্বার্থ ও অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ২৩ বছর পর সাধারণ ব্যবসায়ীরা ব্যালটের মাধ্যমে তাদের সুচিন্তিত রায় দিয়েছেন। এই বিজয় কোনো ব্যক্তি বা প্যানেলের একক কৃতিত্ব নয়, বরং এটি সমগ্র ব্যবসায়ী সমাজের অধিকার আদায়ের জয়। আমরা দল-মত নির্বিশেষে সর্বস্তরের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সর্বদা বদ্ধপরিকর। কোনো প্রকার চাঁদাবাজি, অন্যায় হয়রানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ব্যবসায়ীদের যেকোনো সংকটে আমরা অতন্দ্র প্রহরী হয়ে পাশে থাকব।
প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী মহল এবং সাধারণ নাগরিকদের মাঝে এক অভূতপূর্ব উল্লাস ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।