ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশে অভিনয়ের জন্য অনেক পুরস্কার দেওয়া হলেও বিশ্বের সেরা অভিনেত্রী তো এই দেশেই জন্মেছিলেন। তিনি এত সুন্দর অভিনয় করতেন যা কল্পনাও করা যায় না।’
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রীর ভুক্তভোগী পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার ধরন তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘গুম হওয়া ব্যক্তির পরিবার যখন গণভবনে যেত, শেখ হাসিনা শিশুদের মাথায় হাত বুলিয়ে বলতেন-'আমি তোমার বাবাকে ফিরিয়ে আনব'। অথচ তিনি নিজেই জানতেন কীভাবে তাদের হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। দেশের ইতিহাসে আর কেউ এমন নিষ্ঠুর অভিনয় করতে পারেনি।’
২৪-এর গণঅভ্যুত্থানের স্মৃতি টেনে স্পিকার বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের নেত্রী পালিয়েছেন, দেশের প্রধান বিচারপতি ও অনেক মসজিদের ইমামও পালিয়েছেন। ১৭ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করা ৬৮৭ জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। যেসব কর্মকর্তা ও নেতা আল্লাহর ভয় ভুলে মানুষের ওপর অত্যাচার চালিয়েছেন, তারা আজ ফেরারি।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নিয়ে হাফিজ বলেন, ‘ট্রাইব্যুনালে এখন সাক্ষীরা এসে যেসব বর্ণনা দিচ্ছেন, তা শুনে আঁতকে উঠতে হয়। কত পরিবারের বুক খালি করা হয়েছে, কত নির্মম নির্যাতন চালানো হয়েছে, এসব অপরাধের যথাযথ বিচার ও সত্য উদঘাটন এখন সময়ের দাবি।’
অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি আমলে কখনো মানুষের ওপর এমন বর্বর নিপীড়ন চালানো হয়নি। ক্ষমতার চরম অপব্যবহারকারীদের পরিণতি দেখে শিক্ষা নিয়ে দেশের মানুষের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার সুনিশ্চিত করতে হবে।