বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ২

Writer
প্রতিনিধি, চাঁদপুর
16 Sep, 2026 08:58 AM 3 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত দুজন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকা সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার বাসিন্দা মোহর আলী (৬০) এবং অটোরিকশাচালক কবির মাল। নিহত মোহর আলী অটোরিকশার যাত্রী ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মান্দারী এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ জরুরি ব্রেক করে। এতে পেছনে থাকা অটোরিকশাটি প্রাইভেটকারের পেছনে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সামনে পড়ে। মুহূর্তের মধ্যে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনাস্থলেই যাত্রী মোহর আলীর মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা আহত তিনজনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সাধারণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক কবির মালকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: সারাদেশ