রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত যাত্রাবাড়ী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান, মহাখালী, আগারগাঁও এবং সবশেষ মগবাজার চৌরাস্তাসহ অন্তত সাতটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ব্যস্ত এলাকাগুলোতে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই পথচারীদের ছুটাছুটি করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে মালিবাগ ও মহাখালী উড়ালসড়কের ওপর থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হঠাৎ ককটেল ছুড়ে মারে। এর কিছুক্ষণ পর বঙ্গবাজার, গুলিস্তান ও বাবুবাজার এলাকায় বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। এরপর সন্ধ্যার দিকে আগারগাঁও বেতার ভবনের সামনে এবং রাতে মগবাজার চৌরাস্তায় ককটেল ফোটায় দুর্বৃত্তরা।
এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনেই একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে স্প্লিন্টারের আঘাতে এক ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করান।
ককটেল নিক্ষেপের উদ্দেশ্য এবং এতে কারা জড়িত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ঘটনার পেছনে দায়ীদের শনাক্ত করতে সংলগ্ন এলাকাগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তা বিশ্লেষণ করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ঘটনাস্থলগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। শহরজুড়ে পুলিশ ও র্যাবের টহল জোরদার করা হয়েছে।