বিরোধী দলের সমর্থন ছাড়া সরকারের পক্ষে দেশ চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেছেন, ‘এই দেশ আপনার পক্ষে একা চালানো সম্ভব নয়। এই বাস্তবতা মেনে নিন। সংঘাতের পথ পরিহার করে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসুন।’
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে এনসিপি আয়োজিত লংমার্চের সমাপনী সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। ছয় দফা দাবিতে আয়োজিত এই লংমার্চটি বিভিন্ন জেলা প্রদক্ষিণ করে চট্টগ্রামে এসে শেষ হয়।
এদিন বিকেলে রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছিলেন যে, দেশে অরাজকতা সৃষ্টি করে পতিত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে এবং বিরোধী দলও এতে লিপ্ত থাকতে পারে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া জবাব দেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘১১-দলীয় ঐক্য স্বৈরাচারের ফিরে আসার পথ তৈরি করছে না। বরং জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে স্বৈরাচারের ফেরার পথ সরকারই তৈরি করে দিচ্ছে। আপনারা জনগণের হক আদায় করতে পারছেন না, ফলে মানুষ বিকল্প খুঁজছে।’
সাবেক সরকারের রেখে যাওয়া সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে নাহিদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আমরা নাকি স্বৈরাচারের সমস্যা নিয়ে রাজনীতি করছি। আমি বলতে চাই, সেই সমস্যা সমাধান করতে না পারলে জনগণের কাছে স্বীকার করুন যে দেশকে নেতৃত্ব দেওয়ার সঠিক পরিকল্পনা আপনার কাছে নেই।’
সংসদীয় কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, বর্তমান সংসদকে ‘একদলীয় প্রতিষ্ঠানে’ পরিণত করা হয়েছে। তিনি বলেন, ‘বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না। উল্টো আমাদের আসনে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের দায়িত্ব দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সালাহউদ্দিন সাহেব (স্পিকার) যদি একাই সংসদ চালান, তবে আমাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই।’
সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘২০২৪ সালে ছাত্র-জনতার ৯ দফা যেমন এক দফায় রূপান্তর হয়েছিল, এবার আমাদের এই ৬ দফাও এক দফায় রূপান্তর হবে। তখন কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না, সেই ফয়সালা রাজপথেই হবে।’
বিদ্যুৎ ও গ্যাস সংকটের তীব্র সমালোচনা করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে আমাদের ঘরে এখন হারিকেন ও মোমবাতি ফিরে এসেছে। সরকার গ্যাস-বিদ্যুৎ দিতে না পেরে কার্ড ধরিয়ে দিচ্ছে। ঘরে বিদ্যুৎ না থাকলে কার্ড দিয়ে মানুষ কী করবে?’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে এনসিপি ও ১১-দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।