শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক

১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, হুমকি দিল্লির

Writer
আন্তর্জাতিক ডেস্ক
18 Sep, 2026 09:44 PM 5 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এই পদক্ষেপের প্রেক্ষিতে নিজেদের স্বার্থ সুরক্ষায় ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত।

শুক্রবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

তিনি বলেন, "আমরা সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে বিষয়টি জেনেছি, তবে ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও আমাদের কিছু জানানো হয়নি। স্বাভাবিকভাবেই ভারত নিজের স্বার্থ সুরক্ষায় যা করার তা-ই করবে।"

ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চুক্তিগুলো পরীক্ষা করা হচ্ছে।

দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সম্প্রতি বলেন, "বিগত সরকারের আমলে করা ১০১টি সমঝোতা স্মারক ও চুক্তি আমরা পর্যালোচনা করছি। খুব শিগগিরই এর ফলাফল দেখতে পাবেন।"

মূলত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে সম্পাদিত দ্বিপক্ষীয় বিষয়গুলোই এই পর্যালোচনার আওতায় আসছে। এর মধ্যে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, আঞ্চলিক সংযোগ এবং যৌথ কৌশলগত প্রকল্প সম্পর্কিত চুক্তি ও সমঝোতাগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে ঢাকা একযোগে সব চুক্তি বাতিলের কোনো ঘোষণা দেয়নি।

বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও নদী পানিবণ্টনের মতো সংবেদনশীল ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্ক যখন নতুন করে কূটনৈতিক পরীক্ষার মুখে পড়েছে, তখনই বিষয়গুলো সামনে এলো।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে ভারত ইতিপূর্বে প্রায় ৭০০ কোটি (৭ বিলিয়ন) ডলার ঋণ দিয়েছে। এসব চুক্তির আওতায় বাংলাদেশের বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনের সুবিধাও তৈরি হয়েছিল।

এদিকে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলা এবং তিস্তা চুক্তির অমীমাংসিত পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, অভিন্ন নদীগুলোর পানি সংক্রান্ত আলোচনা বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই চালমান রয়েছে।

তিনি বলেন, "গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) কার্যকর রয়েছে এবং কারিগরি পর্যায়ের বৈঠকগুলো নিয়মিত হচ্ছে। ৫৪টি অভিন্ন নদীর সব ধরনের ইস্যু এই প্রতিষ্ঠিত ব্যবস্থার মাধ্যমেই সমাধান করা হয়।"

ট্যাগ: আন্তর্জাতিক