পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন সাধারণ মুসল্লি এবং পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোহাত জেলার পুলিশ সদরদপ্তরের মসজিদে জুম্মার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, জুম্মার নামাজের জন্য সাধারণ মানুষ যখন মসজিদে জড়ো হচ্ছিলেন, ঠিক তখনই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে মসজিদের গেটে সজোরে ধাক্কা দেয় হামলাকারীরা। মুহূর্তেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঘটনার পর হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এখনো তুমুল গোলাগুলি চলছে। এরই মধ্যে পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
জার্মান বার্তাসংস্থা ডিপিএ-কে স্থানীয় হাসপাতালের চিকিৎসক তাহির শাহ জানান, হামলার পর ১৫টি মরদেহ এবং গুরুতর আহত প্রায় ৫০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তবর্তী ওই অঞ্চলে তালেবান উপদল ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি)-এর শক্ত উপস্থিতি রয়েছে। তারা প্রায়ই দেশটির নিরাপত্তাবাহিনী ও ধর্মীয় স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।