বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক

শতবর্ষীদের নতুন রেকর্ড জাপানে, ৮৮ শতাংশই নারী

Writer
বাংলা পত্রিকা ডেস্ক
16 Sep, 2026 09:17 AM 2 বার পঠিত 1 মিনিট পড়ার সময়

ছবি: সংগৃহীত

জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৭৭। বিশ্বজুড়ে প্রবীণ জনগোষ্ঠীর হিসেবে জাপান সবার ওপরে। দেশটির এসব শতবর্ষী মানুষের প্রায় ৮৮ শতাংশই নারী।

বর্তমানে জাপানের সবচেয়ে প্রবীণ নারী কিয়োটো শহরের বাসিন্দা ১১৪ বছর বয়সী কিশিমোতো ফুয়ো। অন্যদিকে দেশটির সবচেয়ে প্রবীণ পুরুষ কুমামোতো এলাকার ১১২ বছর বয়সী কাতো হিকারু।

এ বিষয়ে জাপানের স্বাস্থ্যমন্ত্রী কেনইচিরো উএনো বলেন, এত বিপুলসংখ্যক মানুষের দীর্ঘ, সুস্থ ও সক্রিয় জীবনযাপন অত্যন্ত আনন্দের। চিকিৎসাবিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতির ফলেই মানুষের গড় আয়ু এভাবে বাড়ছে।

তবে এ অর্জনের পাশাপাশি দেশটির সামনে বড় চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি সতর্ক করে জানান, প্রবীণদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় দীর্ঘমেয়াদে দেশটিতে একটি টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, জাপান বেশ কয়েক বছর ধরেই দ্রুত প্রবীণ জনগোষ্ঠীর দেশে পরিণত হচ্ছে। দেশটিতে এক দশকেরও বেশি সময় ধরে শিশুদের ডায়াপারের চেয়ে প্রাপ্তবয়স্কদের ডায়াপার বেশি বিক্রি হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জাপানিদের এই দীর্ঘায়ুর রহস্য মূলত তাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সক্রিয় জীবনযাপন। স্যাচুরেটেড ফ্যাট এড়িয়ে মাছ, শাকসবজি ও ভাতনির্ভর খাবার গ্রহণ এবং নিয়মিত হাঁটাচলা, সাইকেল চালানো বা হালকা ব্যায়ামের মাধ্যমে শরীর সচল রাখাই তাদের এই দীর্ঘ জীবনের মূল চাবিকাঠি।

ট্যাগ: আন্তর্জাতিক